মালয়েশিয়ার নতুন সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্তির দাবি আনোয়ারের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৪

মালয়েশিয়ার নতুন একটি সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের কাছ থেকে সমর্থন পাওয়ার দাবি করেছেন বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

আনোয়ার ইব্রাহিম জানান, বিভিন্ন দলের কিছু সংসদ সদস্য তার কাছে এসেছিলেন, যারা প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের নেতৃত্বে মোটেও সন্তুষ্ট নন। এ বিরোধী নেতার মতে, তার প্রতি সংসদ সদস্যদের সমর্থনের অর্থ, মুহিদ্দিনের প্রশাসন ভেঙে পড়েছে। তিনি প্রধানমন্ত্রিত্ব হারাতে যাচ্ছেন।

গতকাল আনোয়ার ইব্রাহিম বলেন, আমাদের শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আমি চার, পাঁচ বা ছয়টি আসনের কথা বলছি না, আমি তার চেয়ে অনেক বেশি আসনের কথা বলছি। ঠিক কতজন সংসদ সদস্য সমর্থন দিয়েছেন তা নিশ্চিত না করলেও এই নেতার দাবি, দেশটির ২২২ জন সংসদ সদস্যের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ তাকে সমর্থন দিচ্ছেন।

উল্লেখ্য, গত মার্চে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান মুহিদ্দিন ইয়াসিন। সে সময় ক্ষমতাসীন দল পাকাতান হারাপানের একদল সংসদ সদস্য ২০১৮ সালের নির্বাচনে পরাজিত শক্তির পক্ষে যোগ দেন। এর জেরে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেন ৯৫ বছর বয়সি মাহাথির মোহাম্মদ। তার পদত্যাগের পর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নেতা হিসেবে আবির্ভূত হন মুহিদ্দিন। আর এর সাত মাসের মাথায় ফের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন আনোয়ার ইব্রাহীম।

এদিকে আনোয়ার ইব্রাহীম সরকার গঠন করতে আত্মবিশ্বাসী হলেও বাস্তবে সেটি পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখন পর্যন্ত দেশটির রাজার কাছ থেকে তিনি কোনো সম্মতি পাননি বলে খবরে জানানো হয়েছে। নতুন সরকার গঠনে মালয়েশীয় রাজাকে রাজি করাতেই হবে। বর্তমানে কুয়ালালামপুরের জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন মালয় রাজা সুলতান আব্দুল্লাহ।

তবে রাজনৈতিক অস্থিরতা নিরসনে মুহিদ্দিনের পরামর্শে রাজা নির্বাচনেরও ডাক দিতে পারেন। আর আনোয়ার যদি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন, তবে তার ২২ বছরের সংগ্রামের সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন তিনি। তার এই রাজনৈতিক লড়াইয়ের মধ্যে অন্তত ১০টি বছর কারাগারে থাকতে হয়েছে তাকে।—আলজাজিরা