কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সাবরাং আলুগোলার প্রোজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির বিশেষ টহলদল।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোপন খবরে ওই এলাকায় যায় টহল দল। কিছুক্ষণ পর উত্তর-পূর্ব পাশ দিয়ে দুই ব্যক্তিকে সাঁতার কেটে একটি বস্তা নিয়ে জঙ্গলের দিকে প্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করে। তখন বিজিবিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। পরে বিজিবি ২ রাউন্ড ফাঁকা গুলি করে। পরে মাদক পাচারকারীরা একটি বস্তা বেড়িবাঁধের পাশে ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যায়।
জব্দ করা ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
ইত্তেফাক/এসি
