‘২০২১ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মাসেতুর সাথে সংযুক্ত রেললাইন খুলে দেওয়া হবে’ 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫২

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, ‘২০২১ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মাসেতুর সাথে সংযুক্ত রেললাইন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। পদ্মা সেতু তৈরির মত সাহসী পদক্ষেপ নেওয়া একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব। কারণ তিনি বঙ্গবন্ধু কন্যা। পদ্মা সেতু হয়ে রেল সংযোগ বরিশাল হয়ে কুয়াকাটা, পায়রাবন্দর পর্যন্ত নেওয়া হবে।’ 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চরে এ্যামিটি ক্যাফেতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন সুবিধার চেক প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

এসময় মাদারীপুরে বাংলাদেশ রেলওয়ের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ২৮ জন ব্যক্তির মাঝে ১ কোটি ১২ লাখ টাকার পুনর্বাসন সুবিধার চেক প্রদান করা হয়।

আরও পড়ুন: বাবা-মায়ের ভালোবাসায় ভাগ বসানোয় বোনকে খুন

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর-কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি) ও বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ডরপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান।

প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও রূপশ্রী চক্রবর্তীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন সিএসসি’র প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, ডরপ চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদার, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাহবুব হাসান,শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম ও মাদবরচর ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ প্রমুখ।

ইত্তেফাক/এএএম