পোশাকশিল্পের স্বার্থে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:০৪

করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতির মুখে পড়া টেক্সটাইল ও পোশাকশিল্পকে রক্ষায় এবং এ শিল্পের পুনরুদ্ধারে সহায়তা প্রদানের লক্ষ্যে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল বৃহস্পতিবার কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিডব্লিউইআইসি) আয়োজিত এক অনলাইন সেমিনারে (ওয়েবিনার) এফবিসিসিআই সহসভাপতি সিদ্দিকুর রহমান এ আহ্বান জানান। লজিস্টিক, ক্রেতা ও খুচরা বিক্রেতাসহ সরকার ও ব্যবসায়ী নেতাদের একটি প্যানেল শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আহ্বান জানান। ‘সিডব্লিউইআইসি সেক্টর ওয়েবিনার :টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি’ ঐ ওয়েবিনার সঞ্চালনা করেন সিডব্লিউইআইসির ডেপুটি চেয়ারম্যান স্যার হুগো সুইয়ার। সিডব্লিউইআইসি প্ল্যাটফরম ব্যবহার করে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীতার ওপর গুরুত্ব দেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। তিনি বলেন, করোনার সময়ে কেবল যুক্তরাজ্য থেকে প্রায় ৫৩ কোটি ডলারের সমপরিমাণ রপ্তানি আদেশ বাতিল হয়েছে। এ কারণে আমাদের প্রাথমিক অবস্থা বেশ ভয়াবহ হয়ে উঠেছিল।