দর বেড়েছে ১৭২টি কোম্পানির শেয়ারের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:০৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ১৭২টির বা ৪৮ দশমিক ৩২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। গতকাল শেয়ারদর সর্বোচ্চ বেড়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের। ডিএসই সূত্রে জানা গেছে, গত বুধবার ওয়ালটনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭৮ টাকায়। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ৫৬৭ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ১৮৯ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওয়ালটন হাই-টেক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পাইওনিয়ার ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৮ শতাংশ, সন্ধানী লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৯ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৮ শতাংশ, গ্রিনডেল্টা ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৮ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৯ দশমিক ৮০ শতাংশ, নিটল ইনসিওরেন্সের ৯ দশমিক ৮০ শতাংশ, সোনারবাংলা ইনসিওরেন্সের ৯ দশমিক ৪৭ শতাংশ, ঢাকা ইনসিওরেন্সের ৯ দশমিক ৪৭ শতাংশ এবং হামিদ ফেব্রিক্সের শেয়ারদর ৯ দশমিক ৪২ শতাংশ বেড়েছে।