বগুড়ার আদমদীঘি উপজেলা সদর খাদ্য গুদাম চত্বরে জলাবদ্ধতা। ফলে এলএসডির গুদামে সংরক্ষিত ধান-চাল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ড্রেনেজব্যবস্থা বন্ধ। সামান্য বৃষ্টি হলে খাদ্য গুদাম চত্বরে পানি জমে যায়। ভারী বর্ষণে এখানে হাঁটুপানি জমে। পানি গুদামের মেঝে ছুঁইছুঁই। যে কোনো মুহূর্তে গুদামে পানি ঢুকে যেতে পারে। সরকারি হিসেবে এখানে পাঁচ হাজার মেট্টিক টনের বেশি খাদ্য মজুদ আছে। বিএডিসির গুদামটি ১৯৯০ সাল থেকে এলএসডি ব্যবহার করে আসছে। গত কয়েক বছরে গুদামের আশপাশের সরকারি জায়গা বেদখল ও ভরাটের ফলে খাদ্য গুদাম, উপজেলা চত্বর এলাকার বৃষ্টির পানি বের হতে পারছে না। বৃষ্টি হলেই আশেপাশের পানি এসে গুদাম চত্বরে জলাবদ্ধতা সৃষ্টি করছে। এতে সংশিষ্ট অফিস কার্যক্রমসহ খাদ্য রক্ষণাবেক্ষণ কাজ ব্যাহত হচ্ছে। পরিশেষে, দ্রুত এই জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
সাকলাইন লেনিন
আদমদীঘি, বগুড়া
