বরিশালের হিজলা উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. মনির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে মৃত গৃহবধূর শ্বশুর ও দেবরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ জানান, যৌতুক দাবির ৫০ হাজার টাকা দিতে না পারায় ২০১৩ সালের ৬ জানুয়ারি হিজলা উপজেলার বাউশিয়া গ্রামের নিজ বাড়িতে মনির হোসেন তার স্ত্রী মাকসুদা বেগমকে কিল-ঘুসি মেরে হত্যা করে। এ ঘটনায় মাকসুদা বেগমের ভাই অলি উদ্দিন বাদী হয়ে পরদিন মাকসুদার স্বামী মনির হোসেন, শ্বশুর শফি রাড়ি, শাশুড়ি রাশিদা বেগম এবং দেবর নাসির রাড়িকে আসামি করে হিজলা থানায় মামলা দায়ের করেন।
