বকেয়া বেতন-ভাতার দাবিতে গত মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করছেন শায়েস্তাগঞ্জ পৌরসভার কর্মচারীরা। এতে করে কার্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে। স্থানীয় সেবা প্রত্যাশীরা ফিরে যাচ্ছেন কাঙ্ক্ষিত সেবা না পেয়ে। বুধবার শায়েস্তাগঞ্জ পৌরসভার ১৩ জন কর্মচারী স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক হবিগঞ্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে প্রদান করা হয়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক সুশীল বসাক জানান, পৌরসভার ১৫/২০ জন কর্মচারীকে ৭/৮ মাস যাবত্ বেতন-ভাতাসহ কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন থেকে বেতন ভাতা না পেয়ে পৌর কর্মচারীরা কর্মবিরতি পালন করছে।
