উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল সামনে থেকে নেতৃত্ব দিয়ে মুম্বাইকে জয় এনে দিলেন রোহিত শর্মা। আর এই ম্যাচে হারের ভেতর দিয়ে এবারের আইপিএলে নিজেদের অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স। বুধবার রাতে আবুধাবিতে আগে ব্যাট করা মুম্বাই ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান করেছিল। বড় স্কোরটা এনে দেন ৫৪ বলে ৮০ রান করা রোহিত শর্মা। সেই সঙ্গে যাদব ৪৭ রান করেন। জবাব দিতে নেমে মোটেও ভালো করতে পারেনি কলকাতা। ৮ নম্বরে নামা কামিন্স সর্বোচ্চ ৩৩ এবং অধিনায়ক কার্তিক ৩০ রান করেন। ৯ উইকেটে ১৪৬ রান করতে পারে তারা। এই জয়ের পর উচ্ছ্বসিত মুম্বাই অধিনায়ক রোহিত বলছিলেন, তারা মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন, ‘পুরো ব্যাপারটা হলো মাঠে করে দেখানোর। আমরা যেটা করেছি। আমরা সবসময়ই খেলাটায় এগিয়ে ছিলাম। সেই সঙ্গে আমরা খুব নির্দয়ভাবে খেলেছি।’
নিজের বড় ইনিংস খেলার ব্যাপারে রোহিত বলছিলেন, ‘আমি পুল শটের ব্যাপারে খুব আত্মবিশ্বাসী। আমি এই শটটা খেলতে পছন্দ করি। আমি খুব খুশি যে, এটা ভালো করতে পেরেছি।’
ভারতীয় এই ওপেনার বলছিলেন, লম্বা সময় পর ছন্দ ফিরে পেয়ে খুশি তিনি, ‘ছয় মাস মাঠের বাইরে কাটানোটা সহজ ব্যাপার নয়। আমি উইকেটে কিছুটা সময় কাটাতে চাচ্ছিলাম। প্রথম দিনে সেটা পারিনি। আজ এটা করতে পারায় খুশি। এখানে লম্বা ইনিংস খেলা সোজা না। শেষ দিকে আমি স্রেফ টিকে থাকতে এবং বল পেটাতে চাচ্ছিলাম।’
নিজের দলের কথা বলতে গিয়ে পেস বোলারদের খুব প্রশংসা করেছেন মুম্বাইয়ের অধিনায়ক, ‘আমাদের পেস অ্যাটাক খুব ভালো। কারণ, আমরা ওয়াংখেড়েকে মাথায় রেখে পরিকল্পনা করেছিলাম। দলে এরকম ভালো সব খেলোয়াড় থাকলে কাজটা সহজ হয়ে যায়।’
