করোনায় বিদায় চ্যাম্পিয়নদের!

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৩

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী আল হিলাল বিদায় নিয়েছে প্রতিযোগিতাটি থেকে। তবে কারণটা অদ্ভুত। দলের একটা বড় অংশ করোনাক্রান্ত থাকায় প্রয়োজনীয় ১৩ জন মাঠে নামাতে ব্যর্থ হওয়াতেই এই পরিণতি। গত সপ্তাহে দলটির ১৫ সদস্য আক্রান্ত হয়েছেন করোনায়। যার ফলে গত বুধবার গ্রুপ পর্বে শাবাব আল আহলির বিপক্ষে ম্যাচে মাত্র ১১ জন নিয়ে খেলার অনুমতি চেয়েছিল দলটি, যার তিন জন আবার গোলরক্ষক! প্রয়োজনীয় সংখ্যার চেয়ে দুই জন কম হওয়ায় এতে সায় দেয়নি এএফসি। এএফসি জানায়, ‘করোনার জন্য এএফসি প্রতিযোগিতার জন্য বিশেষ নিয়ম’ এর অধীনে বাদ দিতে হয়েছে গেলবারের শিরোপাজয়ীদের। দলটির সব খেলাই বাতিল করা হয়েছে ইতিমধ্যে, ফলে বি গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে উজবেক দল পাখতাকোর আর সংযুক্ত আরব আমিরাতের দল আল আহলি।