নারায়ণগঞ্জে ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:১৫

নারায়ণগঞ্জে ঢাকা থেকে আসা যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি। গতকাল  কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি দুপুর  দেড়টার দিকে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলক্রসিং অতিক্রম করার পর এ দুর্ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যা ৭টায়  এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেনলাইন সচল করতে ঢাকা থেকে রেলওয়ের একটি উদ্ধারকারী দল এসে কাজ করছিল ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা ট্রেনটি চাষাঢ়া রেলস্টেশনে যাত্রী নামিয়ে কালীরবাজার এলাকায় নারায়ণগঞ্জ রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। দুপুর দেড়টার দিকে ট্রেনটি ২ নম্বর রেলগেট অতিক্রম করে ১ নম্বর রেলগেটের মাঝামাঝি অবস্থানে গিয়ে পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে কিছুটা হেলে পড়ে এবং থেমে যায়। এ সময়  আতঙ্কে ট্রেনের সবগুলো বগির যাত্রী নেমে পড়েন। তবে বগি চারটি লাইনচ্যুত হলেও উলটে না যাওয়ায় কেউ হতাহত হননি। এ ব্যাপারে নারায়ণগঞ্জ রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, করোনা সংক্রমণের কারণে সরকারের নির্দেশে  প্রায় ছয় মাস ট্রেন চলাচল বন্ধ থাকায় রেললাইন ও ট্রেনের বগিগুলোতে ত্রুটি সৃষ্টি হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।