সৌদিতে গৃহকর্মী রাজেদার সন্ধান নেই আট মাস

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:১৬

সৌদি প্রবাসী নিখোঁজ রাজেদা বেগমের সন্ধান চেয়েছেন তার স্বামী সিংগাইর উপজেলার দক্ষিণ জামসা গ্রামের আরশেদ আলী। সন্ধান চেয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বরাবর আবেদনও করেছেন তিনি।

গত ২৭ জুলাই দেওয়া ঐ আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, রিক্রুটিং এজেন্সি মেসার্স সনি ইন্টারন্যাশনাল ট্রাভেলস লিমিটিড (আর এল-৪৯৬) এর মাধ্যমে ভিসা পাসপোর্ট করে তার স্ত্রী রাজেদাকে গৃহকর্মী হিসেবে স্থানীয় দালালের মাধ্যমে গত বছরের ৭ এপ্রিল সৌদি আরবে পাঠনো হয়। কিন্তু সেখানে যাওয়ার পর কিছু দিন ঠিকমত বেতন দেওয়া হলেও পরবর্তীতে তা দেওয়া হচ্ছে না। তার মানবেতর দিন কাটছে এবং তাকে নির্যাতন করা হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে কয়েক মাস ধরে যোগাযোগও করতে দেওয়া হচ্ছে না তার সঙ্গে। এখন সে বেঁচে আছেন না মারা গেছেন তা তিনি জানতে পারছেন না।

আবেদনে তিনি আরো উল্লেখ করেন, প্রথমে ডিইএমও, মানিকগঞ্জ এর মাধ্যমে গত বছরের ২২ আগস্ট স্ত্রীকে দেশে ফেরত আনার জন্য বিএমইটির মহাপরিচালক বরাবর আবেদন করে কোনো ফল না পেয়ে ২২ ডিসেম্বর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, মহাপরিচালকের কাছে আবেদন করি। তাতেও কোনো কাজ না হওয়ায় চলতি বছরের ২০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি। এতেও ফল না পেয়ে পুনরায় ২৭ জুলাই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মহাপরিচালকের কাছে এই আবেদন করা হয়। কিন্তু আট মাস অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যে, অনেক টাকাও খরচ হয়ে গেছে। অথচ অভাবের তাড়নায় স্ত্রীকে বিদেশ পাঠানোর পর তার কোনো খোঁজ এখনো মিলছে না এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ এ ব্যাপারে সাহায্য করছে না বলে আরশেদ আলীর অভিযোগ।