কুষ্টিয়ায় চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান মেম্বারসহ চার জন কারাগারে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:২৭

কুষ্টিয়ায় সরকারি চাল আত্মসাতের মামলায় আলোচিত সেই ইউপি চেয়ারম্যান, মেম্বার, ডিলারসহ চার জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামিরা কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. মহসিন হাসান জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন কুষ্টিয়ার সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মারফুল ইসলাম, চালের ডিলার মন্টু হোসেন ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, দবির উদ্দিন বিশ্বাস সহযোগীদের যোগসাজশে সরকারের খাদ্যসহায়তা            প্রকল্পের আওতাধীন ১০ টাকা কেজি দরের সরকারি চাল উত্তোলন করে তা তালিকাভুক্ত দুস্থদের না দিয়ে আত্মসাত্ করেন। ঘটনাটি জানাজানি হলে ২০২০ সালের ১৯ এপ্রিল কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। বিচারক সেলিনা খাতুনের আদালত সপ্রণোদিত হয়ে এই মামলা করেন। মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য কুষ্টিয়া মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়। পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। এরপর আসামিরা জামিনের প্রার্থনা করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।