মোদি সরকারের সমালোচনা করে রাহুল গান্ধীর টুইট

‘বন্ধুবিহীন প্রতিবেশে বাস করা বিপজ্জনক’

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

নরেন্দ্র মোদি সরকারের কূটনীতির সমালোচনা করে ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, বন্ধুবিহীন হয়ে প্রতিবেশে বাস করা অত্যন্ত বিপজ্জনক। বুধবার এক টুইট বার্তায় মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বাংলাদেশ নীতি’র সমালোচনা করেন তিনি। ওই টুইট বার্তায় রাহুল বলেন, কংগ্রেস দল কয়েক দশক ধরে যে সম্পর্ক গড়ে তুলেছিল নরেন্দ্র মোদি সেই সম্পর্ক একের পর এক নষ্ট করছেন। এ মন্তব্যের সঙ্গে তিনি ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দি ইকোনমিস্টের সর্বশেষ সংখ্যা যুক্ত করে দেন। এ সংখ্যায় ‘ভারত যত দূরে যাচ্ছে, বাংলাদেশের সঙ্গে চীনের        সম্পর্ক ততই নিবিড় হচ্ছে’ শিরোনামে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে বিস্তারিতভাবে বলা হয়েছে, বিদেশি পুঁজি বিনিয়োগে চীন এখন ভারতকে পেছনে ফেলেছে। প্রতিবেদনটির বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।