শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) রেজিস্ট্রারকে উপাচার্যের চলতি দায়িত্ব দেওয়াকে শিক্ষকদের জন্য অবমাননাকর বলে মনে করছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এতে উচ্চ শিক্ষার সামগ্রিক পরিবেশ ব্যাহত হতে পারে বলে শঙ্কা করছেন তারা।
বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবাদলিপি থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবাদলিপিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিপত্রে শেকৃবির রেজিস্ট্রার শেখ রেজাউল করিমকে উপাচার্যের চলতি দায়িত্বের আদেশ জারি করা হয়েছে। একজন প্রশাসনিক কর্মকর্তাকে উপাচার্যের মতো মর্যাদাসম্পন্ন পদের দায়িত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ধারণা, চেতনা এবং স্বায়ত্তশাসনের পরিপন্থি। ইতিপূর্বে কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ শূন্য হয়ে গেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের চলতি দায়িত্ব দেওয়া হয়। কিন্তু শেকৃবির ক্ষেত্রে এটির ব্যতিক্রম ঘটায় শিক্ষা মন্ত্রণালয় তথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঠিক দিকনির্দেশনা চেয়েছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।
