সৌদিতে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটেনি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৫

ছুটিতে এসে করোনা মহামারীর কারণে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবে তাদের কর্মস্থলে ফেরাতে গতকাল বৃহস্পতিবার অপরাহ্ন থেকে টিকিট বিক্রি শুরু করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও বাড়িয়েছে আরও দুটি বিশেষ ফ্লাইট। টিকেটের দাবিতে গতকালও সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা মতিঝিলের বলাকা ভবন বিমান অফিস এবং কাওরান বাজারের সাউদিয়া এয়ারের অফিসের সামনে বিক্ষোভ করেন। পরে টোকেনের ভিত্তিতে টিকিট বিক্রি শুরু করে সাউদিয়া। কর্মস্থল সৌদিতে ফিরতে টিকিট ও আকামা কিংবা ভিসার মেয়াদ জটিলতা নিয়ে গত চারদিন বিক্ষোভ করার পর অবশেষে সৌদির টিকিট পেয়ে আনন্দ প্রকাশ করছেন প্রবাসীরা। তবে আপাতদৃষ্টিতে সৌদি আরব যাওয়ার সমস্যার একটি বিহিত হলেও মিলছে না স্বস্তি। কারণ ওয়ার্ক পারমিট বা আকামার নতুন মেয়াদ ১৭ অক্টোবরের ( রবিউল আউয়াল) মধ্যে সৌদি ফিরতে পর্যাপ্ত ফ্লাইট নেই বাংলাদেশ বিমান কিংবা সৌদি এয়ারলাইনসের। এতে আবারও আকামার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতে পারে বাংলাদেশ সরকারকে।

তবে গতকাল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, প্রবাসীদের কাজে ফিরতে যাওয়া নিশ্চিতে তারা সবধরনের ব্যবস্থাই নেওয়া হবে। প্রয়োজনে আবারো মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ করা হবে। আটকে পড়া প্রবাসীরা তাদের আকামার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব পৌঁছাতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘যদি সেটা নাও হয়, সৌদি সরকার আমাদের আশ্বাস দিয়েছে আটকে যাওয়া বাকি কর্মীদের আকামার মেয়াদ তারা বাড়িয়ে দেবে।’

এদিকে সৌদিতে বিমান বাংলাদেশের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অবতরণ অনুমতি এখনও পাওয়া যায়নি। যদিও সৌদি আরবগামী বাতিল হওয়া সব রুটের ফ্লাইট পহেলা অক্টোবর থেকে চালু হবে বলে আশা করা হচ্ছে। আবার ভ্রমণের ক্ষেত্রে কোভিড সনদ বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। করোনাভাইরাসের নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে কোভিড সনদ নিয়ে সৌদি আরব পৌঁছাতে হবে। কাজে ফেরত যেতে নিয়োগকর্তা বা কোম্পানির অনুমতিপত্র প্রদর্শনেরও কথা বলছে সৌদি কর্তৃপক্ষ। ২৬ ও ২৭ এবং ২৯ ও ৩০ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনস জেদ্দা ও রিয়াদে যে দুটি করে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে তা কোন নিয়মিত ফ্লাইট নয়। চার্টার্ড ক্যাটাগরিতে এ চারটি ফ্লাইটে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে সর্বোচ্চ ১ হাজার জন যাত্রী যেতে পারবেন। বিক্ষোভকারী প্রবাসীদের দাবি, এভাবে দেশে আটকা পড়া প্রায় ৩৫ হাজার প্রবাসীকে সৌদি আরব পাঠাতে ফ্লাইট দরকার পড়বে কমপক্ষে ১৩০-১৪০টি। কিন্তু ওয়ার্ক পারমিট বা আকামার নতুন মেয়াদ ১৭ অক্টোবরের মধ্যে এতোগুলো ফ্লাইট পরিচালনার সক্ষমতা সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আছে কি? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমকে জানান, সৌদি আরব বাণিজ্যিক ফ্লাইটের অনুমতি দিলে প্রতিদিন সর্বোচ্চ ২টি করে ফ্লাইট পরিচালনার সক্ষমতা রয়েছে বাংলাদেশের।

এদিকে দেশে আসা প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবে ফেরাতে আরও ফ্লাইটের অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৮-২০ মার্চের জেদ্দা এবং  ১৮ ও ১৯ মার্চের রিয়াদগামী বিমানের রিটার্ন টিকিটধারী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকা-রিয়াদ ও ৩০ সেপ্টেম্বর  ঢাকা-জেদ্দা ফ্লাইট পরিচালনা করবে। গতকাল বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান। বিমান জানিয়েছে, ১৮ -২০ মার্চের জেদ্দা  ও ১৮-১৯ মার্চের রিয়াদগামী  ফিরতি টিকিটধারী  যাত্রীদের এই ফ্লাইটে  বুকিং দেওয়ার  জন্য বিমান  সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস/ লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ  ২৫-২৬ সেপ্টেম্বর যোগাযোগ করতে হবে। বুকিং ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে  হবে। নতুন  ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। তাই অন্য যাত্রীদের  এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করেছে বিমান।

সিরিয়াল অনুযায়ী টিকিট দিচ্ছে সাউদিয়া এয়ারলাইন্স:

সাউদিয়া এয়ারলাইনসের কাউন্টার থেকে টোকেনের সিরিয়াল অনুযায়ী প্রবাসীদের বিমানের টিকেট দেওয়া শুরু হয়েছে। হোটেল সোনারগাঁওয়ে অবস্থিত সাউদিয়ার কাউন্টারে গতকাল অপরাহ্ন থেকে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ১-৫০০ নম্বর সিরিয়ালের টোকেনধারীদের টিকেট দেওয়া হয়। আজ শুক্রবার ৫০১ থেকে ৮৫০, ২৬ সেপ্টেম্বর ৮৫১ থেকে এক হাজার ২০৯ এবং ২৭ সেপ্টেম্বর এক হাজার ২০১ থেকে এক হাজার ৫০০ পর্যন্ত টোকেনধারীদের টিকেট দেওয়া হবে। এছাড়াও যারা টোকেন পাননি তাদের ২৯ সেপ্টেম্বর টোকেন গ্রহণের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

ওমানে ১ অক্টোবর থেকে ফিরতে পারবেন প্রবাসীরা: পররাষ্ট্রমন্ত্রী

প্রবাসী বাংলাদেশিদের জন্য সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান। করোনা মহামারিতে আটকে পড়া ওমানফেরত প্রবাসী বাংলাদেশিরা আগামী ১ অক্টোবর থেকে দেশটিতে ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি গতকাল জানান, ওমান সরকার আজ আমাদের জানিয়েছে আটকাপড়া প্রবাসী বাংলাদেশিরা আগামী ১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন।