নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমনকে অস্ত্র মামলায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন দেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিনে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই বক্তব্য তুলে ধরেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই যুক্তিতর্ক গ্রহণ করে ২৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে দিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু ও অতিরিক্ত পিপি তাপস কুমার পাল শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষে আইনজীবী এ এফ এম গোলাম ফাত্তাহ ও সাখাওয়াত উল্লাহ ভুঁইয়া যুক্তি উপস্থাপন শুরু করেন।
গত ২৯ জুন পাপিয়া দম্পতির বিরুদ্ধে অস্ত্র মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে র্যাব। গত ২৪ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু করে আদালত। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় জাল টাকা উদ্ধারের ঘটনায় এবং ২৪ ফেব্রুয়ারি শেরেবাংলা নগর থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়।
