আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে জয়-পরাজয় নির্ধারিত হবে কিছু সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যে। কিছুদিন আগেও বেশির ভাগ দোদুল্যমান অঙ্গরাজ্যে জনমত জরিপে বড় ব্যবধানে এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। কিন্তু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, এসব রাজ্যে দুই প্রার্থীর জনপ্রিয়তার ব্যবধান ততই কমে আসছে। সব শেষ রয়টার্স/ইপসোস জরিপে দেখা যাচ্ছে, জো বাইডেনের সঙ্গে ব্যবধান অনেকটাই কমেছে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ক্ষমতায় আসবেন, নাকি জো বাইডেন প্রেসিডেন্ট হবেন, সেটা নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা, মিশিগান, উইনসকনসিন এবং অ্যারিজোনা ও পেনসিলভানিয়া নির্ধারণ করে দেবে। এসব রাজ্যে আগে পিছিয়ে থাকলেও সেই ব্যবধান অনেকটাই কমাতে সক্ষম হয়েছেন ট্রাম্প।
বুধবার রয়টার্সের প্রকাশ করা জনমত জরিপে দেখা গেছে, ফ্লোরিডায় বাইডেনের পক্ষে রয়েছেন ৪৭ শতাংশ ভোটার। অন্যদিকে ট্রাম্পের পক্ষেও রয়েছেন ৪৭ শতাংশ ভোটার। ৪৬ শতাংশ ভোটার মনে করেন জো বাইডেন করোনার সংকট ভালোভাবে সামাল দিতে পারবেন। অন্যদিকে ৪৬ শতাংশ ভোটারও মনে করেন ট্রাম্প এই পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে পারবেন। যদিও ৫১ শতাংশ ভোটার মনে করেন অর্থনীতি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন ট্রাম্প। ৪১ শতাংশ ভোটার মনে করেন বাইডেন অর্থনীতির হাল ঠিক রাখতে পারবেন।
অ্যারিজোনা অঙ্গরাজ্যে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। ঐ রাজ্যে ৪৭ শতাংশ বাইডেনের পক্ষে ও ৪৬ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে রয়েছেন। এই রাজ্যের জরিপে করোনা ব্যবস্থাপনার প্রশ্নে বাইডেন এগিয়ে থাকলেও অর্থনীতি ব্যবস্থাপনার প্রশ্নে ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প।
মিশিগান অঙ্গরাজ্যে এখনো ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। ৪৯ শতাংশ ভোটার বাইডেন এবং ৪৪ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে রয়েছেন। এই রাজ্যেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রশ্নে এগিয়ে আছেন বাইডেন। কিন্তু অর্থনীতির প্রশ্নে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।
নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। সেখানকার ৪৭ শতাংশ ভোটার বাইডেনকে ভোট দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে ৪৭ শতাংশ ভোটারও ট্রাম্পকে ভোট দেবেন। এই রাজ্যেও করোনা পরিস্থিতি মোকাবিলায় বাইডেনের ওপর বেশি মানুষের আস্থা রয়েছে। কিন্তু অর্থনীতির প্রশ্নে এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই।
উইসকনসিনে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। ৪৮ শতাংশ ভোটার বাইডেনের পক্ষে আছেন। অন্যদিকে ৪৩ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে। এই রাজ্যেও করোনা নিয়ন্ত্রণের প্রশ্নে এগিয়ে বাইডেন। কিন্তু অর্থনীতির প্রশ্নে এগিয়ে রয়েছেন ট্রাম্পই।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ৩ পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। ৪৯ শতাংশ ভোটার বাইডেনকে এবং ৪৬ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে রয়েছেন। এই রাজ্যে করোনা পরিস্থিতির প্রশ্নে বাইডেন এবং অর্থনীতির প্রশ্নে ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প।
বিশ্লেষকেরা বলছেন, এই জরিপের ফল যে কোনো সময় বদলে যেতে পারে। তবে নির্বাচনের আগে করোনা পরিস্থিতি খারাপ হলে সুবিধা পেতে পারেন বাইডেন। অন্যদিকে করোনা পরিস্থিতির উন্নতি হলে আর অর্থনীতি প্রাণ ফিরে পেলে এসব রাজ্যে ট্রাম্পের জয় ঠেকানো কঠিন হবে বাইডেনের জন্য।
