এবার সাইবার বুলিংয়ের অভিযোগে মামলা ঢাবির সেই ছাত্রীর

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তার ছয় সহযোগীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে পরপর দুটি মামলার পর এবার সাইবার বুলিংয়ের অভিযোগে আরো একটি মামলা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী। রাজধানীর শাহবাগ থানায় বুধবার মামলাটি করেন তিনি। শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ধর্ষণ, অপহরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হননের অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক ও তার ছয় সহযোগীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে গত রবি ও মঙ্গলবার রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করা হয়। দুটি মামলারই বাদী সেই ছাত্রী।

গতকালের মামলার এজাহারে ঐ ছাত্রী অভিযোগ করেছেন, দুটি মামলা করার পর থেকে তামান্না ফেরদৌস শিখা, তামান্না আক্তার, তাজুল ইসলাম আকাশ, শারমিন রিজিয়া, এইচ এম হোসাইন বিন নূর, মো. তুহিন মোল্লা হূদয়, মেহেদী হাসান সুজন ও রেজাউল করিম কাজল নামের ফেসবুক অ্যাকাউন্ট এবং ‘স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে ফেসবুক গ্রুপসহ অজ্ঞাত শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে তার নামে ‘যৌন উত্তেজনা সৃষ্টিকারী মিথ্যা সংলাপ’ পাবলিক পোস্ট, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে প্রচার করে তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাহানি করে আসছে। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণসহ শাস্তির দাবি জানান এই ছাত্রী।