রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন ২০২১ সালের ডিসেম্ব্বরের মধ্যে পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত রেললাইন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে । পদ্মা সেতু তৈরির মতো সাহসী পদক্ষেপ নেওয়া একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব। কারণ তিনি বঙ্গবন্ধুকন্যা। পদ্মা সেতু হয়ে রেলসংযোগ বরিশাল হয়ে কুয়াকাটা, পায়রাবন্দর পর্যন্ত নেওয়া হবে। বৃহস্পতিবার মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চরে এ্যামিটি ক্যাফেতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন সুবিধার চেক প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় মাদারীপুরে বাংলাদেশ রেলওয়ের পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ২৮ ব্যক্তির মধ্যে ১ কোটি ১২ লাখ টাকার পুনর্বাসন সুবিধার চেক প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর-কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি) ও বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ডরপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান।
প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও রূপশ্রী চক্রবর্তীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সিএসসির প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, ডরপ চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদার প্রমুখ।
