রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিত্সাধীন মাহবুবে আলমের সুস্থতা কামনা করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল মাধ্যমে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, মোমতাজ উদ্দিন ফকির ও এস এম মুনীরসহ শতাধিক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল ও অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। দোয়া পরিচালনা করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব আবু সালেহ মো. সলিম উল্লাহ ও ইমাম হাফেজ মাওলানা মো. মাসুম বিল্লাহ।
গত ৪ সেপ্টেম্বর জ্বর ও গলাব্যথা নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ঐ দিনই করোনা পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ আসে। গত ১৯ সেপ্টেম্বর ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। রবিবার মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক উনার খোঁজ রাখছেন। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
