বাংলাদেশি কর্মীরা ১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:২৩

বাংলাদেশি কর্মীরা আগামী ১ অক্টোবর থেকে ওমান যেতে পারবেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওমান থেকে দেশে ছুটিতে এসে আটকা পড়া কর্মীরা কোনো ধরনের বাধা ছাড়াই আগামী ১ অক্টোবর থেকে যেতে পারবেন। এ ক্ষেত্রে কর্মীদের বৈধ পাসপোর্ট, আকামা এবং পিসিআর পরীক্ষায় করোনা ভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। ওমানে যাওয়ার পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ছুটি কাটাতে এসে আটকা পড়া সকল অভিবাসী কর্মী যাতে ফিরতে পারে এজন্য সরকার চেষ্টা অব্যাহত রেখেছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সৌদি আরব থেকে সুখবর এসেছে। তারা ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আশা করি, নির্দিষ্ট সময়ের মধ্যেই কর্মীরা সৌদি আরবে যেতে পারবেন। এ অবস্থায় ভিসা ও টিকিট সংগ্রহের ক্ষেত্রে কর্মীদের উচিত নিয়মশৃঙ্খলা মেনে চলা। যাতে করে সৌদি কর্তৃপক্ষের কাছে কোনো ভুল বার্তা না যায়। 

এদিকে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট ফি কমানোর ঘোষণা দিয়েছে ওমান সরকার। করোনার কারণে সংকটের মুখে পড়া প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন ফি এক-তৃতীয়াংশ কমানো হয়েছে। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কর্মীরা এই সুযোগ পাবেন। টাইমস অব ওমানের এক খবরে বলা হয়েছে, অভিবাসী কর্মীদের ফেরাতে শুরু করেছে কোম্পানিগুলো। এসব কর্মী চলতি বছরের শেষ পর্যন্ত ৩০১ ওমানি রিয়ালের পরিবর্তে ২০১ ওমানি রিয়ালে (৪৪ হাজার টাকা) ওয়ার্ক পারমিট নবায়ন করতে পারবেন।

বুধবার ওমানের শ্রম মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, যারা অস্থায়ী ও পার্ট-টাইম কর্মী তারাও এই নির্দেশনার আওতায় কম ফি-তে ওয়ার্ক পারমিট নবায়ন করার সুযোগ পাবেন। এক্ষেত্রে বিষয়টি কোম্পানির কর্মী চাহিদার ওপর নির্ভর করবে।