সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম, মাদারীপুর, ধামরাই ও পাবনার চাটমোহরে চারজন নিহত হয়েছে। খবর আমাদের অফিস ও সংবাদদাতাদের।
চট্টগ্রাম : নগরীর কালুরঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম নাছের উদ্দিন (৪০)। গত বুধবার দিবাগত মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত হন নাছের। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নাছের বোয়ালখালীর গোমদণ্ডী ইউনিয়নের আতাউর রহমানের পুত্র। তিনি উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মাদারীপুর : মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কের ঘটমাঝি নামক স্থানে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিহাত চৌকিদার (৪) নামের এক শিশু মারা যায়। শিশুটি সদর উপজেলার বোর্ড স্কুল এলাকার সাজু চোকিদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ডাল গবেষণা কেন্দ্রের গেটের সামনে থেকে রাস্তা পাড় হয়ে বাড়ি আসার সময় দ্রুতগামী বাসচাপায় ঘটনাস্থলে নিহাত মারা যায়।
চাটমোহর (পাবনা) : চাটমোহর-তাড়াশ সড়কের মান্নাননগর এলাকায় গরুবোঝাই একটি করিমন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক গরু ব্যবসায়ী। এ ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছেন। নিহত গরু ব্যবসায়ী হলেন—চাটমোহর উপজেলার ছাইকোলা বামনবাজার গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে আকরাম হোসেন (৩৭)। বৃহস্পতিবার সকালে চাটমোহরের ছাইকোলা থেকে একটি করিমনে করে গরু নিয়ে তাড়াশের নওগাঁ হাটে যাচ্ছিলেন গরু ব্যবসায়ীরা। মান্নাননগর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে গরুসহ করিমনটি পাশের খাদে উলটে যায়। এতে অন্তত পাঁচ জন আহত হয়। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। রাজশাহীতে চিকিত্সাধীন অবস্থায় আকরাম হোসেন মারা যান।
ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ডাউটিয়া নামকস্থানে বৃহস্পতিবার বিকালে আরিচাগামী একটি যাত্রীবাহী বাস, ঢাকাগামী একটি পিকআপ ও ধামরাইগামী একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ইব্রাহিম নামে ঐ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং পিকআপে থাকা চার জন আহত হয়েছেন। নিহত ইব্রাহিম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে।
