শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলা বাতিল প্রশ্নে রুল শুনানি শুরু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা এক মামলা বাতিলের প্রশ্নে জারিকৃত রুলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালত ২৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে। আসামিপক্ষে আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা থেকে ঢাকায় ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তত্কালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় গুলি, বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করা হয়।