শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি শীর্ষ রিপাবলিকান সিনেটরের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৮

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেন  মার্কিন রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। বৃহস্পতিবার শীর্ষ মার্কিন সিনেটর মিচ ম্যাককনেল এমন প্রতিশ্রুতি দেন। 

মিচ ম্যাককনেল বলেন, আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে যেই জিতুক, ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবেই নতুন সরকারের সূচনা হবে।

যদিও এর আগে মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের বিষয়ে ট্রাম্প বলেন, আমাদের দেখতে হবে কী ঘটে । এ সময় তিনি পোস্টাল ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করেন। যদিও মার্কিন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছে যে এটি নিরাপদ।   
  
করোনা বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই  এ বছর আগের চেয়ে বেশি মার্কিন জনগণ পোস্টাল ভোট দেবে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভোটের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলেছেন।  

এদিকে মার্কিন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর না করলে  ট্রাম্পকে হোয়াইট হাউজ থেকে অপসারণ করতে পারে মার্কিন সেনাবাহিনী। 

ইত্তেফাক/এআর