ঝগড়া থামাতে গিয়ে ঘুসিতে ভ্যানচালকের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১২

বরিশাল সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়ায় দুই দল কিশোরের ঝগড়া থামাতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘুসিতে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম হেলাল উদ্দিন কল্পনা (৪৫)। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত শাকিবকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।  কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সগীর জানান, ঐ এলাকায় মার্বেল খেলা নিয়ে দুই দল কিশোরের মধ্যে ঝগড়া হয়। দশম শ্রেণির ছাত্র শাকিব বিবদমান কিশোরদের এক পক্ষের হয়ে অপর পক্ষকে শাসায়। একই এলাকার ভ্যানচালক হেলাল উদ্দিন কল্পনা কিশোরদের ঝগড়ায় শাকিব জড়িত হওয়ায় তাকে শাসায়। এতে ক্ষুব্ধ হয়ে শাকিব তাকে ঘুসি দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।