রেকর্ডে চোখ নাদালের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

লাল মাটির রাজা রাফায়েল নাদাল নতুন রেকর্ডে চোখ রাখছেন। আর মাত্র একটা গ্র্যান্ড স্লাম জিতলেই তিনি ছুঁয়ে ফেলবেন রজার ফেদেরারকে।

ফ্রেঞ্চ ওপেনে নাদালের রেকর্ড বরাবরই ঈষণীয়। সেই ২০০৫ সালে তিনি প্যারিসে প্রথম শিরোপা জয় করেন। সেটি ছিল ১৯৮২ সালে ম্যাট উইল্যান্ডারের পর কোনো ‘টিনেজার’-এর প্রথম আসরেই ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জয়ের রেকর্ড।

আর এখন অবধি যে ১৯টি গ্র্যান্ড স্লাম তিনি জিতেছেন, তার মধ্যে ১২টি এসেছে লাল মাটির কোর্টের। আর এই সংখ্যাটা আসছে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নতুন আসরে ১৩ তে গেলেই তিনি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ছুঁয়ে ফেলবেন নাদালকে।

তবে, বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় বরিস বেকার মনে করেন, এবার করোনা ভাইরাসের কারণে টুর্নামেন্টটি নির্ধারিত সময়ের বেশ পরে শুরু হওয়া লড়াইটা সহজ হবে না নাদালের জন্য। তিনি বলেন, ‘এই বছরটা নাদালের জন্য খুবই কঠিন যাচ্ছে। সে আমার পছন্দের তারকা। তবে, এবার বাকিদের চেয়ে ওর পার্থক্য খুব আহামরি কিছু নয়।’

ছয় বারের গ্র্যান্ড স্লাম-জয়ী বেকার আরো বলেন, ‘নাদাল তার স্বাভাবিক ছন্দে নেই। ওর ম্যাচ প্র্যাকটিস দরকার। অন্য সময় ওর রোঁলা গ্যারো-তে খেলতে আসে মাটির কোর্টে চারটি বড় টুর্নামেন্ট খেলার পর, আর তার সবগুলোতেই ও জেতে। এবার তা হচ্ছে না।’

ঘটনা সত্য। নাদাল রোমে অনুষ্ঠিত ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন গেল সপ্তাহে। এটা গেল ছয় মাসে তার প্রথম টুর্নামেন্ট ছিল। করোনা ভাইরাসের কারণে অংশ নেননি ইউএস ওপেনে।

নাদাল বলেন, ‘আমি কোনো অজুহাত দেব না। আমি কোনো খেলা ছাড়া লম্বা সময় কাটিয়েছি। তবে, এটা ঠিক যে, আমি ভালো দুটো ম্যাচ কাটিয়েছি। এই বছরটা একেবারেই অন্যরকম। ফলে, কিছু ঘাটতি থাকবেই।’

শিরোপার অন্যতম প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচ লাল মাটির কোর্টে ৩৪ বছর বয়সি নাদালকেই ফেবারিট মানছেন। তিনি বলেন, ‘নাদালের রেকর্ডই ওর পক্ষে কথা বলে। কেউ এসেই ওর সামনে জিতে বের হতে পারে না। তবে, এটা ঠিক যে ইতালিয়ান ওপেনের পর এটা প্রমাণ হয়ে গেছে যে, নাদাল এখন আর অজেয় নয়।’