শর্তে অনড় শ্রীলঙ্কা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১৮

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে জল্পনা-কল্পনার অবসান হতে পারে আজ। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ নিয়ে আজ মিটিংয়ে বসবে। এই মিটিং থেকেই টাইগারদের লঙ্কা সফরে যাওয়া, না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। গতকাল বিসিবির বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গেছে।

করোনাকালে অনুষ্ঠেয় এই সিরিজ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে শর্ত নিয়ে কিছু দিন ধরেই অচলাবস্থা চলছে। তার মধ্যেই গত বৃহস্পতিবার রাতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়ে দিয়েছে, স্বাস্থ্যবিধিতে কোনো ছাড় হবে না। সিরিজ খেলতে হলে সব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশ দলকে। বিসিবি রাজি না হলে এই বছর সফর স্থগিত থাকবে। সঙ্গত কারণেই সফরের ভাগ্য নির্ধারণে বিসিবির আজ মিটিং ডেকেছে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন অবশ্য দাবি করেছেন, তারা আনুষ্ঠানিকভাবে এখনও এসএলসির প্রস্তাব পাননি। গতকাল তিনি বলেছেন, ‘এখানে কয়েকটা ধাপ বাকি রয়েছে। কোভিড টাস্কফোর্স থেকে এসএলসি পাবে, তারপর তারা আমাদের পাঠাবে। আগে আসুক। তারপর আমরা নিজেদের অবস্থান জানাতে পারব।’

গত আগস্টে করোনার কারণেই তিন ম্যাচের টেস্ট সিরিজটি দুই বোর্ড সম্মিলিতভাবে স্থগিত করেছিল। পরে টি-২০ বিশ্বকাপ ও এশিয়া কাপ স্থগিত হওয়ায় দ্বিপাক্ষিক এই সিরিজ খেলতে সম্মত হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। অক্টোবর-নভেম্বরে সিরিজ আয়োজনের খসড়া সূচি তৈরি হয়। যেখানে বাংলাদেশ দলের জন্য ১৪ দিন কোয়ারেন্টাইনসহ কঠিন সব শর্ত জুড়ে দিয়েছিল এসএলসি। গত ১৪ সেপ্টেম্বর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, এমন কঠিন শর্তে সফর সম্ভব নয়।

সফরের স্বাস্থ্যবিধিতে কিছু পরিবর্তনের প্রস্তাব পাঠিয়েছিল বিসিবি। গত দুই সপ্তাহ অনেক মিটিংয়ের পর এসএলসি আশাপ্রদ কিছু জানাতে পারেনি। সেনাবাহিনী নিয়ন্ত্রিত দেশটির কোভিড-১৯ টাস্কফোর্স অনড় অবস্থানে রয়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশনা বহাল রেখেছে তারা।

গত বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এলএসসির কর্তারা জানিয়েছেন, কোভিড-১৯ টাস্কফোর্সের গাইডলাইন কঠোরভাবে পালন করতে হবে। বিসিবি এসব শর্ত মানতে রাজি না হলে এই সফর আবারও স্থগিত হবে।

দেশটির সংবাদমাধ্যমকে এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘কোভিড টাস্কফোর্সের বেধে দেওয়া গাইডলাইন আমরা কঠোরভাবে পালন করব। বাংলাদেশ যদি বিষয়গুলোর জন্য প্রস্তুত না থাকে তাহলে সিরিজটি আমাদের স্থগিত করতে হবে। যদি এটা হয় তাহলে আগামী বছর একই সময়ে সিরিজটি অনুষ্ঠিত করার কথা আমরা চিন্তা করব।’

এসএলসির প্রস্তাবনা পর্যালোচনায় আজ মিটিংয়ে বসবেন বিসিবির কর্তারা। নিজেদের অবস্থানে বিসিবি কিছুটা নমনীয় না হলে, এই সফর স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি।