দক্ষিণাঞ্চলসহ সারা দেশে ভিয়েতনামের নারিকেল চাষ বৃদ্ধির লক্ষ্যে লিফলেট তৈরি করে কৃষকদের মধ্যে বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে নারিকেলজাত পণ্য যেমন—কোকোপিট, কয়ের ফাইবার, কয়ের বাস্কেট, ফোম ম্যাট্রেস, ইউন্ডার শিল্ড, অর্কিড, স্টিক ইত্যাদি রপ্তানির উদ্দেশ্যে অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষিপণ্য হিসেবে অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সদস্য—কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, মোসলেম উদ্দিন, মামুনুর রশীদ কিরণ, জয়া সেনগুপ্তা, উম্মে কুলসুম স্মৃতি ও হোসনে আরা অংশ নেন।
