কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে শত শত লিকেজ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২২:২৯

গাজীপুরের কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে শত শত লিকেজ থেকে প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস বের হয়ে যাচ্ছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

সরজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে স্থাপনকৃত উত্তরবঙ্গগামী তিতাস গ্যাসের মূল সঞ্চালন পাইপের লিকেজ থেকে উপজেলার চন্দ্রা-মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর দিয়ে বের হচ্ছে গ্যাস। এ ছাড়াও উপজেলার রাখালিয়াচালা, সফিপুর বাজার, মৌচাক, হরিণহাটি, কালিয়াকৈর বাজার ও সাহেব বাজারসহ বিভিন্ন স্থানে গ্যাস পাইপলাইনের  অসংখ্য লিকেজ থেকে দীর্ঘদিন যাবত্ বিপুল পরিমাণ গ্যাস বের হয়ে যাচ্ছে। এসব লিকেজের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। লিকেজের কারণে একদিকে প্রতিদিন লাখ লাখ টাকার গ্যাস অপচয়  হচ্ছে। অপরদিকে এলাকার বৈধ গ্রাহকরা তাদের বাসাবাড়িতে ঠিকমতো গ্যাস পাচ্ছে না।

কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি মো. মারফত আলী বলেন, কালিয়াকৈরে বাজারে গ্যাস লাইনের অসংখ্য লিকেজ থেকে প্রতিদিন গ্যাস বের হচ্ছে। বিষয়টি তিতাস গ্যাসের কালিয়াকৈর জোনাল অফিসকে বারবার অবহিত করলেও কোনো ফলাফল পাওয়া যায় নাই।

কালিয়াকৈরের চান্দরা তিতাস গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লিকেজ  বন্ধে দ্রুত কার্যক্রম পরিচালিত হচ্ছে।