সাভারে স্কুলছাত্রী নিলা রায় (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় ‘ঘাতক’ মিজানুর রহমানের মা ও বাবাকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের চারীগ্রাম থেকে তাদের গ্রেফতারের পর গতকাল শুক্রবার সকালে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার হাজী আইয়ুব আলীর ছেলে আব্দুর রহমান (৬০) ও তার স্ত্রী নাজমুন্নাহার সিদ্দিকা (৫০)। তারা সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এ-৭৪/২ ব্যাংক কলোনির সাইদুল আলমের বাসায় ভাড়া থাকেন। উভয়েই চাঞ্চল্যকর এ হত্যা মামলায় যথাক্রমে ২ ও ৩ নম্বর আসামি। এ হত্যাকাণ্ডের ঘটনায় এনিয়ে এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পলাতক রয়েছেন প্রধান আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বখাটে মিজানুর রহমান। ঘটনার পাঁচ দিনেও তাকে ধরতে পারেনি পুলিশ।
র্যাব জানায়, গত ২০ সেপ্টেম্বর রাতে মিজানুর রহমানের ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিলা রায় খুন হওয়ার পর মিজানকে প্রধান আসামি করে তার মা-বাবাসহ কয়েক জনের বিরুদ্ধে নিহতের বাবা নারায়ণ রায় বাদী হয়ে মামলা করেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর মানিকগঞ্জের আরিচা থেকে সেলিম পালোয়ান নামে মিজানের এক সহযোগীকে আটক করে পুলিশ। সে সাভার পৌরসভার পালপাড়া এলাকার হাফেজ পালোয়ানের ছেলে।
র্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ বলেন, গ্রেফতারের পর আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। মিজানকে গ্রেফতারে অভিযান চলছে।
বিচারের দাবিতে মানববন্ধন
নীলা রায়ের ‘খুনি’ মিজান ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে পৃথক মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সাভারে ধসে পড়া রানা প্লাজার অস্থায়ী বেদির সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ সাভার উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শাখার আহ্বায়ক কমরেড সৌমিত্র কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ ঢাকা নগর শাখার সদস্য কমরেড খালেকুজ্জামান লিপন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শোভন রহমান প্রমুখ। অন্যদিকে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোটের উদ্যোগে সাভার থানা রোডের বঙ্গবন্ধু চত্বরে নীলা রায়ের হত্যাকারী ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
