যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ‘অ্যাচিভমেন্ট ফোরামস টপ ১০০’ এবং অক্সফোর্ড শহরে অবস্থিত ‘ইউরোপিয়ান বিজনেস অ্যাসেম্বলি (ইবিএ)’ এর যৌথ উদ্যোগে বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্বনামধন্য প্রতিষ্ঠানকে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে জুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তে প্রতিবছর পুরস্কৃত করা হয় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে। এবছরও তৃতীয় বারের মতো আন্তর্জাতিক পুরস্কার পেল রাজধানীর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ । সমপ্রতি যুক্তরাজ্য থেকে অর্জন করেছে সাফল্যের এই ট্রফি।
‘অ্যাচিভমেন্ট ফোরামস টপ ১০০’ এর ‘শিক্ষা ও বিজ্ঞান’ ক্যাটাগরিতে Excellence in Quality পুরস্কারে ভূষিত হয় রাজধানীর স্বনামধন্য এ প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ। বিশ্বের ৫৪টি দেশের অংশগ্রহণে আয়োজিত এ প্রোগ্রামটি গত এপ্রিলের ১৭ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর কারণে পিছিয়ে যায় এর আনুষ্ঠানিকতা। সমপ্রতি অনলাইনে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে শিক্ষা সচিব মো.মাহবুব হোসেন উক্ত কলেজের অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল কাজী শরীফ উদ্দিনকে এর সনদ ও ট্রফি প্রদান করেন।
উল্লেখ্য উক্ত প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ ২০১৮ ও ২০১৯ সালে ‘ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড, দুবাই’ এবং ‘বেস্ট ইনস্টিটিউশন’ ও ‘প্রিন্সিপাল অব দ্য ইয়ার’ এবং ‘ইন্টারন্যাশনাল এ্যাডুকেটর এ্যাওয়ার্ড, ব্যাংকক’ অর্জন করেন। এছাড়া প্রতিষ্ঠানটি জাতীয় শিক্ষা সপ্তাহে দুইবার মোহাম্মদপুর থানার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। কলেজের অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল কাজী শরীফ উদ্দিন মনে করেন, একুশ শতকের উপযোগি শিক্ষার্থী গঠনে পাঠ্যবইয়ের পাশাপাশি তাদের বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকতে হবে। তাই তিনি তাঁর প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের জন্য গড়ে তুলেছেন নানান ক্লাব। এতে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয়,সৃজনশীলতা ও চিন্তনশক্তি বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।
