পানি ও স্যানিটেশনের উন্নয়নে বিশ্বব্যাংকের ১৭০০ কোটি টাকা ঋণ অনুমোদন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪

গ্রামীণ অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশনের উন্নয়নে ২০ কোটি ডলার (১ হাজার ৭০০ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের বোর্ড সভা। ‘বাংলাদেশ রুরাল ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর মাধ্যমে এই অর্থ দেওয়া হবে। সংস্থাটির হিসাবে প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামীণ অঞ্চলের ৬ লাখ মানুষ নিরাপদ পানি ব্যবহারের আওতায় আসবে। সেই সঙ্গে প্রকল্পটির মাধ্যমে উন্নত স্যানিটেশনের আওতায় আসবে ৩৬ লাখ গ্রামীণ জনগোষ্ঠী। প্রকল্পটির মাধ্যমে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়তে উদ্বুদ্ধ করা হবে। এটি ফলে কোভিড-১৯-এর মতো মহামারিসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে সহায়তা করবে। 

প্রকল্পটির বিষয়ে এক প্রেস বার্তায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টিমবন উল্লেখ করেন, পানি সরবরাহ বৃদ্ধি এবং উন্মুক্ত স্থানে মলত্যাগের হার কমাতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। তবে মানসম্পন্ন নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন নিয়ে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে।

বিশ্বব্যাংক উল্লেখ করেছে, ২০১৭ সালের হিসাবে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে মাত্র ৩ শতাংশ মানুষ পাইপলাইনের মাধ্যমে পানি পেয়ে থাকে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এই অবস্থার উন্নতি হবে। সেই সঙ্গে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৭৮টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। স্থানীয় বাজার, বাস স্টেশন ও কমিউনিটি ক্লিনিকগুলোর মতো জনসমাগম স্থানে প্রকল্পটির মাধ্যমে পানির ব্যবস্থা, স্যানিটেশনের সুবিধার জন্য ওভারহেড ট্যাংকসহ ২ হাজার ৫১৪টি হাত ধোয়ার কেন্দ্র স্থাপন করা হবে।