‘বঙ্গবন্ধু যুব ঋণ’ যুব উন্নয়নে কার্যকর পদক্ষেপ :স্পিকার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৫২

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সুযোগ ও সক্ষমতার সমন্বয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে দেশ ও জাতি এগিয়ে যাবে। অনুদান ও ঋণের মাধ্যমে সুযোগ তৈরি এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে এই দুইয়ের সমন্বয় করা হচ্ছে। যুব উন্নয়নে কর্মসংস্থান ব্যাংকের ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কার্যকর পদক্ষেপ। গতকাল শনিবার পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রংপুরের পীরগঞ্জস্থ কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে প্রশিক্ষিত যুবকদের মধ্যে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’-এর চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি একথা বলেন।

এসময় স্পিকার কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে ১০০ যুবকের মধ্যে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’-এর চেক, তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবন্ধীদের মধ্যে ৩০টি হুইল চেয়ার ও ২টি ট্রাইসাইকেল, ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মধ্যে ক্রীড়াসামগ্রী কেনার জন্য ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার চেক এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পীরগঞ্জ উপজেলার ৩০ জন অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে ১৫ হাজার টাকা করে ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।