পোল ভল্ট কিংবদন্তি সের্জেই বুবকার সঙ্গে গ্রেগরি ডুপ্লান্টিসের লড়াইটা ছিল দারুণ। চিরবৈরিতা না থাকলেও বুবকা তার খেলোয়াড়ি জীবনে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতাটা পেতেন গ্রেগের কাছ থেকেই। যদিও আমেরিকার পোল ভল্টারের কাছে বড় হারের নজির নেই তার। তবে গ্রেগের আক্ষেপ সম্প্রতি পূরণ করেছেন তার ছেলে ও শিষ্য আর্মান্ড ডুপ্লান্টিস, ভেঙেছেন বুবকার ২৬ বছরের পুরোনো রেকর্ড। এরপর পেয়েছেন সেই বুবকার শুভকামনাও!
ইউক্রেনীয় তারকা বুবকা পুরো ক্যারিয়ারে নিজের রেকর্ডই ভেঙেছেন ৩০ বারের মতো। প্রায় অপ্রতিদ্বন্দ্বী এই অ্যাথলেটের সঙ্গে গ্রেগই যা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পেরেছিলেন। সেই গ্রেগ কালের বিবর্তনে এখন কোচ। নির্দেশনা দিচ্ছেন নিজের ছেলেকেই।
তার ছোঁয়াতেই তো ছেলে আর্মান্ড হয়ে উঠেছেন পোল ভল্টের নতুন সেনসেশন। উসাইন বোল্টের পর অ্যাথলেটিক্স জগতের নতুন পোস্টারবয় হিসেবেও দেখা হচ্ছে তাকেই। কারণ? চলতি বছর ফেব্রুয়ারিতে গড়েছেন ইনডোর পোল ভল্টের বিশ্বরেকর্ড, লাফিয়েছেন ৬.১৭ মিটার উচ্চতায়। এরপর গেল সপ্তাহেই আউটডোর ইভেন্টে ৬.১৮ মিটার উচ্চতায় লাফিয়ে ভেঙেছেন বুবকার ২৬ বছরের পুরোনো রেকর্ড।
খোদ বুবকার মত, অভূতপূর্ব ৬.২৫ মিটারের রেকর্ডও ছাড়াতে পারবেন আর্মান্ড। সম্প্র্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘৬.২০? ৬.২৫? আমার তো মনে হয় মাত্রাটা ভাঙতে সে আজই তৈরি! সে দারুণ এক অ্যাথলেট যে পোল ভল্টিংয়ে নতুন প্রাণশক্তি নিয়ে এসেছে।’
এমন কীর্তির পর তারকাদ্যুতি পাওয়াটাই স্বাভাবিক। তবে সেটা ঠিকঠাকভাবে সামলানোর সতর্কবার্তাও উত্তরসূরিকে দিলেন বুবকা। বললেন, ‘সে এখন বড় তারকা। অনেক মনোযোগ পাচ্ছে সে। তার মনোযোগ সরানোর জন্য অনেক কিছু আছে এখন, আর তার লক্ষ্যপূরণের রাস্তাটা নিজেরই খুঁজে বের করতে হবে। আমি মনে করি, সে বুদ্ধিমান ছেলে, সেটা করতে পারবে।’
