শেষ হলো শেখ হাসিনা দাবা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত জয়তু শেখ হাসিনা অনলাইন আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট শেষ হয়েছে। তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় দিনে বাংলাদেশের দাবাড়ুরা যতটা ভালো করছিলেন, গতকাল তৃতীয় শেষ দিনে তলানিতে গিয়ে ঠেকেছেন তারা। গ্র্যান্ডমাস্টাররাও পাত্তা পাননি।

কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায়, সাউথ এশিয়ান চেস কাউন্সিলের আয়োজনে এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় টুর্নামেন্টে ৯ খেলায় ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেঘারেন্ত সুশান্ত। ভারতের নারায়ণান রানারআপ ও ইরানের গ্র্যান্ডমাস্টার আমিন তাবাতাবেই তৃতীয় হন। ৬ পয়েন্ট করে নিয়ে নবম থেকে চতুর্দশ হন যথাক্রমে ভারতের গ্র্যান্ডমাস্টার সূর্য শেখর গাঙ্গুলি, রাশিয়ার গ্র্যান্ডমাস্টার সের্গেই ভলকভ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ভারতের আন্তর্জাতিক মাস্টার নুবারাইশাহ শেখ, নৌবাহিনীর জাভেদ ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ স্থানের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার রাখা হয়। নৌবাহিনীর ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস প্রথম, একই দলের ফিদে মাস্টার জাবেদ দ্বিতীয় ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল তৃতীয় হন। আজ বেলা ১১টায় বিমানবন্দর সড়কে হোটেল লা মেরিডিয়ানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।