বরিশালের কীর্তনখোলা নদী দখল ও দূষণমুক্ত করার দাবি জানিয়েছে স্থানীয় পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শনিবার বরিশাল নগরীর ফকিরবাড়ী রোডের শিক্ষক ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বরিশাল নদী দিবস উদ্যাপন পরিষদ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বিভাগীয় সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম বলেন, তারা সম্প্রতি এক জরিপে কীর্তনখোলা নদীর বেলতলা, জেলখাল, রসুলপুর, চরকাউয়া খেয়াঘাট, ডিসি ঘাট এবং ত্রিশ গোডাউন এলাকায় কীর্তনখোলা নদী দখল এবং দূষণের চিত্র পেয়েছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এ দখল ও দূষণের সঙ্গে জড়িত। নগরীর বিভিন্ন প্রান্তে থাকা সাতটি ওষুধ কোম্পানির যাবতীয় বর্জ্য কীর্তনখোলা নদীতে নিষ্কাশনের ফলে নদীর পানি ক্রমেই দূষিত হচ্ছে। দখল-দূষণে কীর্তনখোলা ভারাক্রান্ত। সংবাদ সম্মেলনে বাপার বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
