রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের প্রতিবাদে সভা এবার ঢাকায়
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো বন্ধের সরকারি পরিকল্পনার প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে দর্শনা কেরু চিনিকলসহ বেশ কয়েকটি চিনিকলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে স্ব স্ব মিলে গেট মিটিংসহ প্রতিবাদ সভা করেছে। শনিবার বাংলাদেশ চিনিকল শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মাসুদুর রহমান জানান, আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর শ্রমিক এবং কর্মচারী ফেডারেশনের ঢাকার প্রধান কার্যালয়ে দেশের সবকটি চিনিকলের শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শ্রমিক নেতাদের নিয়ে চিনিকল বাঁচাও শ্রমিক বাঁচাও বিষয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হবে ।
অক্সিজেন সরবরাহ প্ল্যান্ট ও জিন এক্সপার্ট মেশিন উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি মেহেরপুর জেনারেল হাসপাতালে অক্সিজেন সরবরাহ প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর ও বক্ষব্যাধি হাসপাতালে জিন এক্সপার্ট মেশিন উদ্বোধন করা হয়েছে। শনিবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হেসেন রেপ্লিকা উন্মোচন করে অক্সিজেন সরবরাহ প্ল্যান্ট ও জিন এক্সপার্ট মেশিন উদ্বোধন করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুম ভিডিও কনফারেন্সে সরাসরি অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন পরিচালক ডা. সামিউল ইসলাম, সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন প্রমুখ।
তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সম্মেলন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতন হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর আঞ্চলিক শাখার সভাপতি মো. সরওয়ার হোসেন তালুকদার। সম্মেলনে সুশান্ত কুমার অধিকারীকে সভাপতি ও মো. দিদার মোল্লাকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
রয়েল সমাজকল্যাণ যুবসংঘের উদ্বোধন
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড রয়েল সমাজকল্যাণ যুবসংঘের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাইনবোর্ড রয়েল সমাজকল্যাণ যুবসংঘের উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি রাজীবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন। উদ্বোধক ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম মণ্ডল।
সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা বিষয়ে সমন্বয় সভা
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় মা, শিশুস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যের উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।
টুঙ্গিপাড়ায় কৃষক প্রশিক্ষণ
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঘেরপাড়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল টম্যাটো উত্পাদন কলাকৌশল ও রোগবালাই দমন ব্যবস্থাপনার ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গোপালগঞ্জের কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ উদ্বোধন করেন পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা। প্রকল্প পরিচালক ড. এম এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের ডিডি ড. অরবিন্দু কুমার রায়।
কেন্দ্রীয় পানি কমিটির সভা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা শিশুতীর্থ কিন্ডার গার্টেন স্কুলে শনিবার কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ স্বাক্ষর, কেন্দ্রীয় পানি কমিটির নেতা অ্যাডভোকেট কামরুজ্জামান, অধ্যাপক হাসেম আলী ফকির প্রমুখ।
