মানবতার শত্রুদের বিরুদ্ধে কথা বলতে ভারত ইতস্তত করবে না

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:২২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মানবতার শত্রুদের বিরুদ্ধে কথা বলতে দিল্লি কখনো ইতস্ততবোধ করবে না। ভারত সব সময় মানবতার পক্ষে ছিল, আছে এবং থাকবে। একইভাবে যারা সন্ত্রাস, সন্ত্রাসবাদ এবং অবৈধ অস্ত্রের পৃষ্ঠপোষক ভারত তাদের বিরুদ্ধেও কথা বলতে ছাড়বে না।

গতকাল শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এসব কথা বলেন মোদি। তিনি আরো বলেন, জাতি সংঘের মঞ্চে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পাওয়ার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে ভারতকে? ভারতবাসী দীর্ঘদিন ধরে এই অধিকার     পাওয়ার জন্য অপেক্ষা করছে। আর তা করার জন্য দ্রুত প্রয়োজনীয় সংস্কারের দাবিও তুলেছেন তিনি। এ দিন সাধারণ সভায় ভার্চুয়াল বক্তৃতার মাধ্যমে মোদি বলেন, ‘এই সংস্কার প্রক্রিয়া আদৌ যুক্তিপূর্ণভাবে সম্পন্ন হবে কি না, তা ভেবেই ভারতের মানুষ উদ্বিগ্ন। আমরা আর বেশিদিন সিদ্ধান্ত গ্রহণের কাঠামোর বাইরে থাকতে চাই না।’

ভাষণে মোদি আরো বলেন, গোটা বিশ্ব যখন করোনা মহামারির কবলে পড়েছে, তখন জাতি সংঘের ভূমিকাই বা কী ছিল? এরপর মোদি আশ্বস্ত করে বলেন, বিশ্বে সবথেকে বড় ভ্যাকসিন উত্পাদক দেশ হিসেবে ভারত অন্যান্য দেশকেও ভ্যাকসিন সরবরাহ করে করোনা থেকে মুক্তি পেতে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভারতের ভ্যাকসিন উত্পাদন এবং সরবরাহের ক্ষমতা গোটা মানব সভ্যতাকে এই সংকট থেকে বের করে আনার চেষ্টা করবে। মহামারির এই কঠিন সময়ে ভারতের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানগুলি বিশ্বের ১৫০টি দেশে জরুরি ওষুধ সরবরাহ করেছে বলে ভাষণে জানান মোদি। —এনডিটিভি