মাদারীপুর সরকারি কলেজের মাস্টার্স পরীক্ষার্থী রিমন সরদারকে (২৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলায় আকলিমা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। শনিবার সকালে শহরের লেকেরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। রিমন সদর উপজেলার ব্রাহ্মনদী গ্রামের গোলাম সরদারের ছেলে। এ হত্যার প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর শহরের লেকেরপাড়ে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে তর্কবিতর্কে ঐ এলাকার রাজীব খালাসী ও সজিব খালাসী (দুই ভাই) তাদের লোকজন নিয়ে রিমনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। প্রথমে রিমনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিত্সাধীন অবস্থায় রিমন শুক্রবার মারা যায়।
রিমন হত্যার প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এদিকে এ ঘটনায় নিহতের বড় ভাই আনিছুর সরদার ছয় জনকে আসামি করে শুক্রবার রাতে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলো—রাজীব খালাসী (৩২), সজীব খালাসী (৩২), আকলিমা বেগম (৫৫), তৃপ্ত (২০), রাব্বি ফরাজী (২৩) ও আসাম মাতুব্বর (২৪)। পরে অভিযান চালিয়ে শনিবার সকালে আকলিমা বেগম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।
