গত বুধবার মধ্যরাতে খাগড়াছড়িতে দুর্ধর্ষ ডাকাতির সময় গণধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর ডাক্তারি পরীক্ষা শনিবার খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। ধর্ষিতা এখন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন। এদিকে এখন পর্যন্ত ঐ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ খাগড়াছড়ি ও চট্টগ্রাম থেকে মোট সাত জনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। এদিকে পাহাড়ি নারীকে গণধর্ষণের প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবিতে খাগড়াছড়ি ও পানছড়িতে মিছিল ও সমাবেশ হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে জেলা শহরের অনতিদূরে বলপেইয়া আদাম নামক এলাকায় ডাকাতিকালে গণধর্ষণের এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা কানের দুল, আংটিসহ অন্তত তিন ভরির মতো স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়। এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইন ও ডাকাতির দুটি মামলা করেন ধর্ষিতার মা।
পুলিশ সুপার মো. আব্দুল আজিজ জানিয়েছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপরাধীদের গ্রেফতার করার নির্দেশনা দেওয়া হয়েছে। মামলার সন্তোষজনক অগ্রগতি হয়েছে। যারাই এমনটা করে থাকুক, কাউকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে খাগড়াছড়ি সদরের বলপিয়ে আদামে পাহাড়ি নারীকে গণধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়ি ও পানছড়িতে বিক্ষোভ মিছিল করেছে হিল উইমেন্স ফেডারেশন। গত শুক্রবার বিকালে খাগড়াছড়ি সদর এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমা ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা। অপরদিকে জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের সদস্য মিতালি চাকমা সভাপতিত্ব করেন।
পৃথকভাবে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা অবিলম্বে পাহাড়ি নারীকে গণধর্ষণ ও লুটপাটে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
