সৌদি আরব যেতে পারলেন না

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫১

বেসরকারি হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করায় সৌদি আরব ফেরা হলো না ৩২ প্রবাসীর। গতকাল শনিবার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে। নির্ধারিত মহাখালীর ডিএনসিসি ল্যাবরেটরি ও আগারগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরির বাইরে ইবনে সিনা হাসপাতাল থেকে করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে বিমানবন্দরে যাওয়ায় ঐ ৩২ প্রবাসীকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

প্রবাসীদের করোনা ভাইরাস পরীক্ষার করানোর জন্য দুটি ল্যাবরেটরি নির্ধারণ করে দেওয়া হয়েছে। ল্যাবরেটরি দুটি হলো, মহাখালীর ডিএনসিসি ল্যাবরেটরি ও আগারগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি। দুটিই সরকারি। এই দুই ল্যাবরেটরির বাইরে অন্য কোথাও করোনা পরীক্ষা করলে তা গ্রহণযোগ্য হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, সৌদি এয়ারলাইনস থেকে উড়োজাহাজ ছাড়ার আটঘণ্টা আগে যাত্রীদের করোনা পরীক্ষার করতে পাঠানো হয়। কিন্তু স্যাম্পল সংগ্রহ ও রিপোর্ট পেতে সাত থেকে আট ঘণ্টা সময় লেগে যায়। কমপক্ষে ২৪ ঘণ্টা আগে পরীক্ষা করতে পাঠানোর অনুরোধ জানান তিনি। তিনি বলেন, মহাখালীর ডিএনসিসি ল্যাবরেটরি ও আগারগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি-এই দুই ল্যাবরেটরির বাইরে যারা পরীক্ষা করবে তারা নিজ দায়িত্বে করবে। এর দায়ভার সরকার নেবে না।