চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের হয়রানির অভিযোগ করেছেন সংগঠনটির সভাপতি মো. ইকবাল হোসেন। গতকাল শনিবার দুপুরে বিজয়নগরে সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ইকবাল হোসেন বলেন, অ্যাসোসিয়েশনের সদস্য ও মেসার্স খান অ্যান্ড হক শিপিং লাইন্সের মালিক আনোয়ার হোসেন আমার কাছে অভিযোগ করেন যে তার আত্মীয়ের বাসার ভাড়াটিয়া জনৈক মাহমুদা বেগম মিথ্যা মামলা দিয়ে তার পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করছে। একইভাবে ফাস্ট ফাইন্যান্স নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের এমডি তুহিন রেজাসহ আরো কয়েক জন একই অভিযোগ দেন। আমি মাহমুদাকে ডেকে বিষয়টি জানতে চাই। ঐ নারী জানান একটি মহলের প্ররোচণায় তিনি মিথ্যা মামলা দিয়েছেন। বিষয়টি নিয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় জিডি করার পর থানার একজন এসআইকে তদন্ত করতে দেওয়া হয়। ঐ ঘটনার মাসখানেক পর আমি জানতে পারি ঐ নারী আমার বিরুদ্ধে আদালতে অপহরণের সাজানো মামলা দিয়েছেন। পরে আমাকে ফোন করে আলমগীর সেলিম নামে এক ব্যক্তি মামলা তুলে নিতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ বিষয় আমি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দুটি সাধারণ ডায়েরি করেছি। এরপরও প্রতারক চক্রের হয়রানি অব্যাহত রয়েছে। তাই আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে বিষয়টির প্রতিকার চাইছি।
