রাজনৈতিক-অর্থনৈতিক—দুই দিক থেকেই মুখ থুবড়ে পড়া লেবাননকে উদ্ধারের মিশনে নেমেছিলেন দেশটির সদ্য মনোনীত প্রধানমন্ত্রী মুস্তফা আদিব; কিন্তু কাজটাকে যত শক্ত মনে করা হয়েছিল, বাস্তবে দেখা গেল তার চেয়েও কয়েক গুণ কঠিন। ফলে দায়িত্ব গ্রহণের আগেই হাল ছেড়ে দিতে হলো নতুন প্রধানমন্ত্রীকে। নির্দলীয় সরকার গঠনে বাধা, বিশেষ করে অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব কে পাবেন তা নিয়ে মতৈক্যে পৌঁছাতে না পেরে শপথ নেওয়ার আগেই পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আদিব।
গতকাল শনিবার লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠক শেষে এক ভাষণে মুস্তফা আদিব ঘোষণা দিয়েছেন, নতুন সরকার গঠনের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন তিনি। গত আগস্টে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল জার্মানিতে নিযুক্ত সাবেক এ রাষ্ট্রদূতের। গত ৪ আগস্ট বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯০ জনের প্রাণহানি, ছয় হাজারের বেশি আহত আর শহরের অর্ধেকটা ধ্বংস হয়ে যাওয়ার পর ব্যাপক চাপে পড়ে দেশটির তত্কালীন সরকার। —ডয়চেভেলে
