ধর্ষকদের বিচারের দাবিতে আজ ছাত্রলীগ বিক্ষোভ করবে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাম্প্রতিক সময়ে সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। গতকাল শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত্ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের এবং সিলেট এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার দাবিতে বেলা সাড়ে ১১টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সমাবেশে ঢাবি ছাত্রলীগের সকল নেতাকর্মীকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকতে বলা হয়েছে।