রাজধানীর কমলাপুরে বিদুত্স্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থী নিহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১২

রাজধানীর দক্ষিণ কমলাপুরে বিদুত্স্পৃষ্টে বিএফ শাহিন কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঐ শিক্ষার্থীর নাম ফেরদৌস হাসান শুভ (১৮)। সে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানান। ফেরদৌস হাসান শুভর বাবার নাম রেজাউল করিম। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে।

প্রতিবেশী আবু সাত্তার বলেন, বৃষ্টির সময়ে ফেরদৌস ও তার বন্ধুরা তাদের বাসার গলিতে ক্রিকেট খেলছিল। খেলার সময় ক্রিকেটের বলটি একটি বাসার ছাদের ওপর গিয়ে পড়ে। ফেরদৌস ঐ বলটি আনার জন্য ঐ ছাদে উঠে। সেখানে বৈদ্যুতিক তার একটি লোহার পাইপের সঙ্গে জড়িয়ে ছিল। শুভর বাবা রেজাউল করিম জানান, ফেরদৌস বিএফ শাহীন কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। তিন ভাইয়ের মধ্যে সে ছিল বড়।