ছেলের হাতে বাবা খুন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫২

রাজধানীর দক্ষিণখান চড়ইয়েরটেক এলাকায় মোবাইল কিনে না দেওয়ায় সত্ ছেলে ১৫ বছরের কিশোর ইয়াছিনের ছুরিকাঘাতে বাবা মোহর আলী খুন হয়েছেন। ঘটনার পর ইয়াছিন মিয়া পালিয়ে গেছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা  ঘটে। রক্তাক্ত মোহর আলীকে রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই মোহাম্মদ হূদয় আলী জানান, তাদের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চরফরিদা বাজার গ্রামে। দক্ষিণখান আব্দুল্লাহপুর চড়ইয়েরটেক এলাকায় ভাড়া থেকে তার ভাই মোহর আলী রাজমিস্ত্রির কাজ করতেন। কয়েক বছর আগে আসমা বেগম নামে এক নারীকে বিয়ে করেন মোহর আলী। দুই জনেরই এটি দ্বিতীয় বিয়ে। ঘাতক ইয়াছিন আসমার আগের ঘরের সন্তান।

হূদয় আরো জানান, ইয়াছিন কিছুদিন ধরে মোবাইল ফোন কেনার বায়না ধরে। কিন্তু তাকে মোবাইল ফোন কেনার টাকা দিতে অস্বীকার করেন আসমা ও মোহর আলী। শুক্রবার রাতে সে মোবাইল কেনার জন্য টাকা চাইলে মোহর আলীর সঙ্গে এ নিয়ে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াছিন ছুরি দিয়ে মোহর আলীকে বুকে, পেটে ও হাতে আঘাত করে ঘর থেকে পালিয়ে যায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।