৯ দফা দাবিতে ১২ অক্টোবর থেকে পণ্যবাহী যানের দুই দিনের ধর্মঘট!

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১৬

৯ দফা দাবিতে আগামী ১২ অক্টোবর সারা দেশে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। এ সময় পণ্যবাহী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান। তিনি বলেন, আগামী ১২ অক্টোবর ভোর ৬টা থেকে ১৪ অক্টোবর ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সকল পণ্য পরিবহনকারী যানবাহন (ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান, প্রাইমমুভার, লং  ভেহিক্যাল, পিকআপ)  বন্ধ থাকবে।

৯ দফা দাবির মধ্যে রয়েছে গত ২৬ আগস্ট গাবতলী এলাকায় বিআইডব্লিউটিএর বিনা নোটিশের অভিযানকালে ১৭টি ট্রাক ও ড্রাম-ট্রাক ভাঙচুর এবং চারটি ট্রাক নিলামে তোলার কারণে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ প্রদান এবং ঐ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশের মহাসড়কের পাশে এবং জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল ও বিশ্রামাগার নির্মাণ, টঙ্গিতে ট্রাক কাভার্ড ভ্যানের স্থায়ী টার্মিনাল এবং যাত্রাবাড়ী ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সারা দেশে স্থায়ী টার্মিনাল নির্মাণ, দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে তদন্ত ব্যতিরেকে ৩০২ ধারায় মামলা দায়ের বন্ধ, সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে যেসব সংশোধনী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ইতিপূর্বে দেওয়া হয়েছে, সেগুলো অবিলম্বে বাস্তবায়ন, বিআরটিএ এর কাছে জমাকৃত ড্রাইভিং লাইসেন্স অবিলম্বে সরবরাহ করা এবং না দেওয়া পর্যন্ত ড্রাইভারদের চলমান লাইসেন্স দিয়ে গাড়ি চালনার সুযোগ দান, যানবাহনের বর্ধিত আয়কর প্রত্যাহার, সড়ক ও মহাসড়কে পুলিশি হয়রানি, সন্ত্রাসীদের চাঁদাবাজি বন্ধ, বিআইডব্লিউটিএর বিভিন্ন ফেরিঘাটে ও টার্মিনালে ঘাট ইজারা দেওয়া বন্ধ করে পূর্বের ন্যায় সংস্থাটির নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা এবং চাঁদাবাজি বন্ধ।

মো. রুস্তম আলী খান বলেন, বিষয়টি আমরা চিঠি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে জানিয়েছি। ১১ অক্টোবরের মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হলে আমরা ১২ অক্টোবর থেকে ধর্মঘটে যাব। প্রয়োজনে আমরা পরবর্তী সময়ে আরো কঠোর কর্মসূচি দিয়ে লাগাতার আন্দোলনে যাব। পাশাপাশি তিনি রাজশাহীর পুঠিয়ায় সড়কে ছাগল মারার অভিযোগে পরিবহন শ্রমিক আবু তালেকে পিটিয়ে হত্যার ঘটনার মূল হোতা গোলাম মোস্তফাকে গ্রেফতারের দাবি জানান। তিনি জানান, এ ঘটনায় শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।