সংগীত পরিচালক শওকত আলী ইমন গ্রেফতারের পর কারাগারে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:২৯

স্ত্রীর দায়ের করা নারীনির্যাতন মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত  সংগীত পরিচালক শওকত আলী ইমন গ্রেফতার হয়েছেন। রমনা থানা পুলিশ শুক্রবার রাতে ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করে। গতকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার  এস এম শামীম।

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর শওকত আলী ইমনের স্ত্রী রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় ইমনকে শুক্রবার রাতে তার ইস্কাটনের বাসা থেকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই তাহমিনা আক্তার তৃণা জানান, স্ত্রীর দায়ের করা মামলায় ইমনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির বর্তমানে তদন্ত চলছে।

সূত্র জানায়, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি তার তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ২০১২ সালের ৬ ডিসেম্বর তিথি কবির নামে এক নৃত্যশিল্পীকে বিয়ে করেছিলেন। তিথির সঙ্গেও তার বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগে সাবেক স্ত্রী তিথি রমনা থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় ২০১৪ সালের আগস্ট মাসে গ্রেফতার হয়ে শওকত আলী ইমন কারাগারে ছিলেন।