যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে রক্ষণশীল বিচারক অ্যামি কোনি ব্যারেটকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউজে ট্রাম্প অ্যামি কোনিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করেন।
হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প অ্যামি কোনিকে অসামান্য কৃতিত্বের নারী বলেও উল্লেখ করেন।
এ নিয়ে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর তিনজন বিচারপতিকে নিয়োগ দিতে যাচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্টের মনোনয়নের পর এই প্রস্তাব পাস হতে সমর্থন প্রয়োজন সিনেটের। সেখানে একশ’ আসনের মধ্যে ক্ষমতাসীন রিপাবলিকাদনের রয়েছে ৫৩ আসন। আর প্রস্তাব পাস হতে প্রয়োজন ৫১ ভোট। তাই অ্যামি কোনি ব্যারেটের নিয়োগ অনেকটাই নিশ্চিত।
এ নিয়ে সুপ্রিমকোর্টের বিচার বিভাগে ৯ জন বিচারপতির মধ্যে ৬ জনই রিপাবলিকানদের মনোনীত। বিচারক রুথ বেইডার গিন্সবার্গের মৃত্যুর পর শূন্য হয় পদটি। যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টে ৯ জন বিচারক আমৃত্যু নিয়োগ পান। তাদের রুলিং দেশটির সরকারি নীতি নির্ধারণে বড় ধরনের ভূমিকা রাখে।
সিনেট জুডিশিয়ারি কমিটিতে বেরেটের নিয়োগ সংক্রান্ত শুনানি আগামী ১২ অক্টোবর শুরু হতে পারে বলে জানা গেছে।
ইত্তেফাক/এআর
